খড়গপুর আইআইটি’তে এআইডিএসও’র বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: আজ খড়গপুর আইআইটিতে ৬৬তম সমাবর্তন উৎসবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিনই মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এরও ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ইন্সটিটিউটের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হয়। এর প্রতিবাদে আইআইটি গেটে ছাত্র সংগঠন এআইডিএসও বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, এই ইনস্টিটিউটটির নাম প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের নামে করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। পুলিশ বাধা দিতে এলে বিক্ষোভকারীদের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিশের বাধা সত্বেও দীর্ঘক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায় এআইডিএসও’র কর্মীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন এআইডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল খড়গপুর আইআইটির ভিতরে নতুন তৈরি হওয়া মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ সেন্টারটি চিকিৎসক ও প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে হবে। কিন্তু আমরা হঠাৎ শুনতে পেলাম এই নাম রাতারাতি পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হচ্ছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জির কার্যকলাপে দেখা গেছে পরাধীন ভারতবর্ষে বিপ্লবীদের পরিবর্তে ব্রিটিশের পক্ষে দাঁড়িয়েছেন বার বার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ব্রিটিশ পতাকাকে স্যালুট না করার জন্য তিনি তাঁর ছাত্রদের বেত্রাঘাত করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনও রকম যোগাযোগ নেই। তবে কেন রাতারাতি এই নাম পরিবর্তন? তবে কি শিক্ষার গৈরিকীকরণ এর মূল উদ্দেশ্যে?
ফলে আমরা দাবি করছি পূর্ব ঘোষণা অনুযায়ী ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামেই মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ সেন্টারের নামকরণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *