সাথী দাস, পুরুলিয়া, ৩০ এপ্রিল: কাজের নিশ্চয়তা, উপযুক্ত বেতন কাঠামো সহ স্থায়ীকরণ ও বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করলেন পুরুলিয়া গভর্নমেন্ট সরকারি মেডিক্যাল কলেজের অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। আজ সকাল থেকে টানা কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবা অচল হয়ে পড়ে মেডিক্যাল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাস। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য ওই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের বাইরে দাবি নিয়ে অবস্থান করে স্লোগান দেন ওই স্বাস্থ্য কর্মীরা। তাঁরা জানান, কোভিড পরিস্থিতিতে উপযুক্ত জীবন সুরক্ষা নেই। তাঁদের কারণে জীবন বিপন্নের মুখে পড়েছে পরিবারও। তাঁরা কাজ করলেও আজ পর্যন্ত কোনও নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি। সকাল থেকে টানা ৮ ঘণ্টারও বেশি সময় ধরে অবিরত কাজ করতে হয়। সামান্য কয়েক হাজার টাকা ধরিয়ে পরিস্থিতির সুযোগ নিচ্ছে নিয়োগকারী সংস্থা। এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ ও দাবি পূরণ চাইছেন আন্দোলনকারীরা। নূন্যতম ১৮ হাজার টাকা পারিশ্রমিক, অসুস্থ হলে চিকিৎসার ব্যয় ভার, কর্মীর মৃত্যুতে পরিবারের একজনের চাকরির দাবি জানান তাঁরা।

প্রসঙ্গত, একটি নিয়োগকারী বেসরকারি সংস্থার মাধ্যমে মোট ১৪২ জন কর্মী কাজ করছেন এই হাতোয়াড়া ক্যাম্পাসে। এর মধ্যে ওয়ার্ড বয়, হাউস কিপার, ডাটা এন্ট্রি অপারেটর, সুপারভাইজার, রক্ষী হিসেবে কাজ করছেন। আজ সংগঠিতভাবে আন্দোলন করেন তাঁরা। কর্মবিরতির খবর পেয়েই নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলেই জন জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আধিকারিকরা। আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস পেয়ে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ কর্মবিরতি তুলে নেন তাঁরা।

