গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৩ মার্চ: সংগ্রামী যৌথ মঞ্চ ও বিভিন্ন কর্মচারী সংগঠনের ডাকে শুক্রবার হুগলি জেলার কামারপুকুরে সরকারি কর্মচারীদের ধর্মঘট ও ধর্না কর্মসূচি পালিত হয়। আজ সকাল সাড়ে ন’টা থেকে প্রায় দশটার মধ্যে কামারপুকুর বিডিও অফিসের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।
সকাল থেকেই কর্মচারীরা গোঘাট-২ বিডিও অফিস চত্বরে জড়ো হতে শুরু করেন। হাতে প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার নিয়ে তারা ধর্নায় বসেন এবং সরকারের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। কর্মচারীদের মূল দাবি গুলি ছিল— বেতন কাঠামোর সংশোধন, বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান এবং বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুত নিয়োগ।
কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই এই দাবিগুলি নিয়ে আন্দোলন চলছে। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পরও রাজ্যের সরকারি কর্মচারীরা এখনও বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন না। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে ডিএ না পাওয়ায় কর্মচারীদের আর্থিক চাপ বাড়ছে বলেও তারা দাবি করেন। তাই বাধ্য হয়েই রাজ্যজুড়ে এই ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ধর্না কর্মসূচি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। তবে কর্মচারীদের আন্দোলনের ফলে কিছু সময়ের জন্য বিডিও অফিসের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ে এবং অফিসের কর্মব্যস্ততা আংশিকভাবে কমে যায় বলে জানা যায়। পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে, সেদিকে নজর রাখে স্থানীয় প্রশাসন।
কর্মচারী সংগঠনের নেতাদের বক্তব্য, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা। ধর্মঘটকে কেন্দ্র করে কামারপুকুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের কৌতূহলও লক্ষ্য করা যায়। অনেকেই দাঁড়িয়ে থেকে কর্মচারীদের এই প্রতিবাদ কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

