অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জুন: করোনা সংক্রমণ রুখতে ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের নির্দেশ মতো গোপীবল্লভপুরের ‘হাই রেস্ট্রিকশন জোন’ গুলিতে করোনা বিধিনিষেধের কড়া পদক্ষেপ নিতে শুরু করল গোপীবল্লভপুর থানা। হাই রেস্ট্রিকশন জোনগুলিতে ঘোষণা মতো শনিবার রাত ৯টা থেকে ব্যারিকেড করে রেখেছে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। প্রতিটি বিধিনিষেধ যুক্ত এলাকায় বাইরের কেউ প্রবেশ করতে পারছেন না, পাশাপাশি ভেতরের কেউ গন্ডিবদ্ধ এলাকার বাইরে বের হতে পারছেন না। নিতান্ত জরুরি প্রয়োজনে যারা গন্ডিবদ্ধ এলাকার বাইরে বের হচ্ছেন তাদের দেখাতে হচ্ছে উপযুক্ত কারণ, তারপর কারণ বিবেচনা করে পুলিশ কর্মীরা প্রবেশ কিংবা বাহির হতে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং গাড়ির নম্বর নথিভুক্ত করছে। পরবর্তী সময়ে ওই ব্যক্তি ফিরে আসলেও দিতে হচ্ছে যাবতীয় কৈফিয়ৎ। পাশাপাশি যারা হাই রেস্ট্রিকশন জোন এর মধ্যে থেকেও কোন ব্যক্তিকে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিদিন যাওয়া আসা করতে হলে তাকে গোপীবল্লভপুর থানা থেকে ই-পাস করে নিতে হচ্ছে আগামী কয়েকদিনের জন্য।

উল্লেখ্য, ঝাড়গ্ৰাম জেলায় করোনা সংক্রমণে রাশ টানতে ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় মোট
২১টি জায়গা হাই রেস্ট্রিকশন জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।তার মধ্যে গোপীবল্লভপুর থানা এলাকার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের নয়াবসান, সিজুয়া, গোবিন্দ মন্দির রোড, বর্গিডাঙ্গা, কাপাশিয়ার মতো জায়গাগুলো। জেলা প্রশাসনের সেই ঘোষনা কার্যকর করতে গন্ডিবদ্ধ এলাকাগুলোতে চলছে জোর নজরদারি। এবিষয়ে গোপীবল্লভপুর থানার এসআই স্বদেশ প্রামাণিক বলেন এই প্রকৃয়া চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।


