রাজেন রায়, কলকাতা, ২২ এপ্রিল: হাইকোর্টের ভর্ৎসনার পরেই কোভিড পরিস্থিতিতে কড়া কমিশন। সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাজ্যে সমস্ত রাজনৈতিক দলের ব়্যালি ও মিছিল নিষিদ্ধ। করা যাবে না কোনও রোড শো কিংবা পদযাত্রাও। সাইকেল ও বাইক ব়্যালিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজনৈতিক সভা ৫০০ জনের বেশি কাউকে নিয়ে করা যাবে না। এদিন ষষ্ঠ দফার নির্বাচনের পরে একটি বৈঠকে বসে নির্বাচন কমিশন। তারপরে এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়।
শুক্রবার রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশন নির্দেশিকা জারির আগেই, এদিন নিজেই ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী। ট্যুইটে প্রধানমন্ত্রী জানান, শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক রয়েছে তার। ফলে এই জন্য তিনি বাংলায় আসতে পারছেন না। প্রসঙ্গত, শুক্রবার মালদা সহ রাজ্যের একাধিক জেলায় সভা ছিল প্রধানমন্ত্রী মোদীর। বলা হচ্ছিল বাংলার ভোটের এটাই শেষ প্রচার সভা প্রধানমন্ত্রীর। কিন্তু এদিন ট্যুইটে জানালেন কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক তাঁর। সেই কারণে বাংলায় আসার কর্মসূচি বাতিল করেছেন তিনি। তবে, আগামীকাল বিকেলে দিল্লি থেকে তিনি ভার্চুয়াল সভা করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করে দেন।

