জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুন:
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর যসের ক্ষতিপূরণের জন্য আবেদন পত্র জমা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে। নির্দিষ্ট দিন গুলোতে হাজার হাজার আবেদনপত্র জমা পড়ছে। কিন্তু তারই মাঝে এক বিচিত্র আবেদন পত্র ভাইরাল হয়েছে
সোশ্যাল সাইটে। মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে আবেদনপত্র, তাও আবার ছাগলের। “যস আতঙ্কেই মারা গেছে তার ছাগল”। এমনই লেখা আবেদন পত্র হাসির খোরাক ছড়িয়েছে বিভিন্ন মহলে।

জানাগেছে, পশ্চিম মেদিনীপুরের সবং এলাকার কোলন্দা গ্রামের বাসিন্দা তাপস কর তার গৃহপালিত ছাগলের মৃত্যুর কারণে ব্লক অফিসে আবেদন পত্র জমা দিয়েছেন।তিনি লিখেছেন যস ঝড়ের দিন তার ছাগল গোয়াল ঘরে থাকা অবস্থায় তার উপর অ্যাসবেস্টস ভেঙ্গে পড়ে। পরের দিন মৃত্যু হয় ওই ছাগলের। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই আবেদন পত্র জমা দিয়েছেন তাপস কর।
তবে তার বক্তব্য, অন্যকে দিয়ে আবেদন পত্র লেখাতে গিয়েই এই ভাইরাল বিপত্তি। তবে ব্লক প্রশাসনের বক্তব্য, অনেক আবেদনপত্র জমা পড়েছে, সব খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে লাল আন্ডারলাইন করা তার আবেদন পত্র ঘিরে প্রশ্ন উঠছে।

