তাজ্জব ঘটনা! পুলিশের ঘরেই চোরের আতঙ্ক বালুরঘাটে, দিশেহারা শহরের মানুষ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ সেপ্টেম্বর: এবারে খোদ পুলিশের ঘরেই হানা চোরেদের। তালা ভেঙ্গে লুটপাট চালানোর ঘটনা খোদ পুলিশ কনস্টেবলের ঘরেই। বালুরঘাট থানা সংলগ্ন পুলিশ আবাসনের এই ঘটনায় কার্যত প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না সহ বেশ কিছু টাকা পয়সা ও থালা বাসন চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার সকালে এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়ে গোটা বালুরঘাট শহরে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ আবাসনে এমন চুরির ঘটনায় এখন আতঙ্কিত শহরের বাসিন্দারা।

জানাগেছে, আবাসনের এইচ ব্লকের এক নং ঘরে থাকেন পুলিশ কনস্টেবল মিন্টু সরকার। রবিবার বিকেলে আবাসন থেকে তিনি আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে রাতে গেটের তালা ভেঙ্গে ঘরে ঢোকে চোরের দল। সোনা রূপোর গয়না সহ টাকা-পয়সা চুরি করে সবকিছু লণ্ডভণ্ড করে পালিয়ে যায় ওই দুষ্কৃতিরা। পুজোর মুখে খোদ পুলিশ আবাসনে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় যথেষ্ট আলোড়ন ফেলেছে গোটা শহরজুড়ে।

পুলিশ কনস্টেবলের স্ত্রী জানিয়েছেন, সকালে এসে ঘরে তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়েছেন। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড করে চোরেরা সবকিছু নিয়ে পালিয়েছে।

যদিও বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *