আমাদের ভারত, ৩ এপ্রিল: রাজস্থানে হিন্দু নববর্ষের শোভাযাত্রা চলাকালীন হিংসা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হিন্দু নববর্ষ উপলক্ষে করৌলি নামক এলাকায় একটি বাইক মিছিল এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কিন্তু শোভাযাত্রাটি একটি মুসলিম অধ্যুষিত এলাকায় প্রবেশ করতেই পাথর বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। এরপরই দ্রুত হিংসার আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয়েছে ওই এলাকায়।
Rajasthan: हिंदू नववर्ष के उपलक्ष्य पर विशाल शोभायात्रा के दौरान हुआ पथराव, आधा दर्जन दुकानों में लगी आग; घटना के बाद करौली शहर में तनाव pic.twitter.com/UmDWur8VRg
— Newsroompost (@NewsroomPostCom) April 2, 2022
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বছর উদযাপন উপলক্ষে মিছিলটি একটি মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি পাথর ছোড়া হয়। অতর্কিতে বাইক মিছিলটিতে অংশগ্রহণকারীদের মাথায় পাথর এসে পড়তে থাকে। ঘটনায় আহত হয় ৪২ জন। এই ঘটনাকে কেন্দ্র করেই হিংসা ছড়ায় ওই এলাকায়। দুর্বৃত্তরা ১২টি দোকান পুড়িয়ে দেয়। একটি বাইকও পুড়িয়ে দেয়, ভাঙ্গচুর করা হয় বেশ কয়েকটি বাইক।
এই ঘটনার ফলে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি এতটাই খারাপ যে কারফিউ জারি করেছে প্রশাসন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেছেন, কিছু অসামাজিক উপাদান শান্তির পরিবেশ নষ্ট করছে, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জনগনকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজস্থানের এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, এই মামলায় এখনো পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। গুজব আটকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। জয়পুর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত করৌলির পরিস্থিতি ক্রমাগত নজরে রাখছে প্রশাসন।

