আমাদের ভারত, ১ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার আদালতে তোলার সময়, পার্থ বলেছিলেন তিনি দলের সঙ্গে আছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তার মন্তব্য, দলের সঙ্গে আছি, ১০০ বার আছি। পার্থর এই মন্তব্যে কটাক্ষ করলেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ’রা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দলের জন্য চুরি করেছেন তাই দলের পাশে আছেন। অন্য দিকে দিলীপ ঘোষ বলেছেন দল তো ওনাকে ছুঁড়ে ফেলেছে।
বেঙ্গালুরুতে বাঙালি সমাজের সঙ্গে বৈঠকে যোগ দিতে যান সুকান্ত মজুমদার। তার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ওই মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “ওনার তো দলের সঙ্গে থাকা উচিত। যার জন্য চুরি করেছেন তার সঙ্গেই তো থাকবেন। দলের জন্যই তো চুরি করেছেন।”
অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য, “পার্থ বলছেন দলের সঙ্গেই আছি কিন্তু দল তো পার্থর সঙ্গে নেই। কারণ উনি টাকা পয়সার ভাগ দেননি। এখন বলে লাভ নেই। দল ওনাকে ছেঁটে ফেলেছে। অনুব্রত মাণিকরা দিয়ে থুয়ে খেয়েছেন তাই দল ওনাদের সঙ্গে আছে। ওদের বোঝা বইছে।”
সোমবার নিয়োগ দুর্নীতি মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের জোড়া হাজিরা ছিল। আলিপুর আদালতে সিবিআই মামলার শুনানি হয়। সিবিআই মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয় তার। এরপর ইডি মামলাতেও তার ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়। এদিন আদালতে নিজেকে অসুস্থ বলে দাবি করেন পার্থ। তিনি বলেন, “আমাকে বাঁচতে দিন। এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে তার বক্তব্য তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এজেন্সি গুলি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তাকে জামিন দেওয়া হচ্ছে না।”

