অশোকনগরে অভিনব কায়দায় গাঁজা পাচার রুখল এসটিএফ, ধৃত তিন, উদ্ধার প্রচুর গাঁজা

আমাদের ভারত, অশোকনগর, ১৩ ফেব্রুয়ারি:
বাংলাদেশ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল ওয়েস্টবেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স। শুক্রবার রাত আটটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগরে হানা দেয় এসটিএফের একটি দল। হাবড়া- নৈহাটি রোডের জনকল্যাণ পল্লি এলাকায় পেট্রোল পাম্পের সামনে থেকে আটক করা হয় একটি সন্দেহজনক দশ চাকার ট্রাক। পরে লরিটি অশোকনগর থানার সামনে দাঁড় করিয়ে অশোকনগর থানার পুলিশ এবং এসটিএফের কর্মী এবং আধিকারিকদের উপস্থিতিতে চলে তল্লাশি।

লরির লোহার সিটের পাটাতনের নিচ থেকে উদ্ধার হয় প্রায় ৪০০ কেজি গাঁজা। লরির পাটাতনের নীচে আলাদা ভাবে জায়গা তৈরু করে পাচার করা হচ্ছিল এই গাঁজা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওড়িশা থেকে অশোকনগরের উপর দিয়ে বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যেই গাঁজা নিয়ে আসা হয়েছিল। তদন্তকারীরা লরিটি আটকের পাশাপাশি তিন গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল সমীর সাহা, বাড়ি পূর্ব বর্ধমান , এছাড়া ধৃত রাজু রাজবংশী ও পার্থ সাহা, দুজনের বাড়ি নদীয়ার নবদ্বীপ এলাকায়। শনিবার ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে পাঠানো হয়েছে বারাসত আদালতে। ঘটনার পেছনে আরও বড় কোনো চাঁই রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *