“চুরি করে ভাগ পাঠাও, চোরেদের সুরক্ষা কবচ,” মমতা ব্যানার্জির সুরক্ষা কবচ প্রকল্পকে কটাক্ষ সৌমিত্রর 

জয় লাহা, দুর্গাপুর, ৪ জানুয়ারি: চুরি করে ভাগ পাঠাও, আমি তোমাদের কবচ পাঠাচ্ছি। আসলে চোরেদের সুরক্ষা কবচ। চোরের লোগো নিয়ে বেরোচ্ছে।’ মঙ্গলবার বিকালে গলসীতে দলীয় কর্মসূচি শেষ করে পানাগড়ে দলীয় কর্মীদের সঙ্গে চা’য়ের আড্ডায় বসে মমতা ব্যানার্জির সুরক্ষা কবচ প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ।

প্রসঙ্গত, কয়লা, বালি, টেট, এসএসসি কেলেঙ্কারীর পর রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। সামনেই কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর ওই নির্বাচনে এই মুহূর্তে বড় ইস্যু কেন্দ্রের আবাস যোজনার প্রকল্প। গত কয়েক সপ্তাহ ধরে এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। তেমনই পঞ্চায়েত থেকে ব্লক অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে আসার কাঁপাচ্ছে বিজেপি। 

তার ওপর এই একই ইস্যুতে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব চরমে। সাম্প্রতিক কালে জঙ্গল মহল সহ জেলার প্রত্যন্ত গ্রামে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতরা ক্ষোভে গর্জে উঠেছেন। রাজ্যের বিরোধীরা বার বার তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন। আবাস যোজনা নিয়ে বিভিন্ন জায়গায় কার্যত লেজেগোবরে অবস্থা রাজ্যের শাসক দলের নেতাদের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি গ্রামের সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন। যার ফলে কার্যত অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। অস্বস্তিতে পড়া সংগঠনকে ঘুরে দাঁড়াতে ‘দিদিকে বলো’র পর এবার জনসম্পর্কে নতুন হাতিয়ার ‘সুরক্ষা কবচ’ প্রকল্প। সোমবারই ওই প্রকল্পের কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই ১১ জানুয়ারি থেকে দিদি সুরক্ষা কবচ প্রকল্প নিয়ে মাঠে নামতে চলেছে তৃণমূল। দিদির দূত হিসেবে সাড়ে তিন লাখ স্বেচ্ছাসেবক পৌছাবেন প্রায় ১০ কোটি মানুষের বাড়িতে।

একটা অ্যাপ হয়েছে দিদির দূত  নামে। তাতে আলাদা আলাদা প্যারামিটারে সরকারের স্কিম নিয়ে ম্যাপিং হবে। তাতে পনেরোটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। সেগুলোর পরিষেবা পাওয়া যাচ্ছে কিনা তা জানানো হবে। দলের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেছেন ৩৬০ জন নেতা সমস্ত অঞ্চলে রাত্রি যাপন করবেন। মানুষের অভাব অভিযোগ শুনবেন। তারা চলে আসার পরে দিদির দূত যাবে, সমস্ত সুযোগ-সুবিধা মানুষ পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখবেন ও অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাবেন। যে রিপোর্ট সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন। আর যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ করবেন। এভাবেই ভোটের আগে ভোটারদের মন পেতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে সেই সবকিছু সমাধানের মাধ্যমে ফের মানুষের আস্থা অর্জন করতে রাজ্যের শাসকদলের এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিকমহল। 

মঙ্গলবার বিকালে গলসীতে দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। সেখান থেকে দুর্গাপুর ফেরার পথে পানাগড়ে দলীয় কর্মীদের সঙ্গে চা’য়ের আড্ডায় বসেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির সুরক্ষা কবচ প্রকল্পকে তির্যক ভাষায় কটাক্ষ করেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, “চোরের রানী মহারানীর সুরক্ষা কবচ। দুয়ারে চোর। তিনি বলতে চেয়েছেন, চুরি করো ভাগ পাঠাও। আমি তোমাদের সুরক্ষা কবচ পাঠাচ্ছি। চোরেদের লোগো নিয়ে বেরোচ্ছে। আসলে চোরেদের ভালো রাখার রক্ষা কবচ।” 

সম্প্রতি রাজ্যে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ম পাথর ছোড়া প্রসঙ্গে তিনি বলেন, “এর আগে যারা সিএ আন্দোলনের নামে মালদা, মুর্শিদাবাদ এবং ২৪ পরগনায় লুঙ্গি ড্যান্স করছিল, তারাই বন্দে ভারত ট্রেনে পাথর ছুড়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *