৩৩ তম ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধন করলেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৩ জানুয়ারি: রবিবার ৩৩ তম ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধন হল। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা চিত্রাভিনেত্রী সায়নী ঘোষ। উদ্বোধক তার ভাষণে শাসক দলের হয়ে রাজনৈতিক কথাবার্তা বলে শিশুমেলাকে রাজনৈতিক মেলাতে পরিণত করলেন। মেলা প্রাঙ্গণে প্রবেশ করার সময় সায়নী ঘোষকে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা নিয়ে খেলা হবে স্লোগান দেন, যা গত ৩২ বছরের শিশুমেলার ইতিহাসে কোনো দিন ঘটেনি।

উদ্বোধনী বক্তব্যে সায়নী ঘোষ তৃণমূল কর্মী এবং নেতাদের ধন্যবাদ জানান। নজিরবিহীন ভাবে অভিনেত্রী শিশুমেলার উদ্বোধনে রাজনৈতিক কথা বলে বিতর্ক সৃষ্টি করেন। তিনি মা-মাটি-মানুষের কথা বলেন, পাশাপাশি
মানুষের হয়ে কাজ করার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম বারবার উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখার কথা বলেন। তিনি রীতিমতো নির্বাচনী প্রতিশ্রুতি মত ঘাটালের বন্যার স্থায়ী সমাধানের কথা সাংগঠনিক বৈঠকে বলবেন বলেও উল্লেখ করেন।

শিশুমেলার উদ্বোধনে এসে সায়নী ঘোষ পৌরসভার নির্বাচনী প্রচার করে গেলেন বলে ঘাটালের মানুষের মতামত। শিশুমেলার মঞ্চকে শাসকদলের প্রচারের হাতিয়ার করে ঘাটালের মানুষকে অপমাণ করার পাশাপাশি তৃণমূলের নেতা ও কর্মীদের তিনি উদ্বুদ্ধ করেন।

ঘাটালের ছেলেমেয়েরা যারা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান করেন তাদের তিনি ট্যালেন্টেড বলে উল্লেখ করেন।
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কুচকাওয়াজের বাংলার ট্যাবলো বাতিল করার সমালোচনা করেন তিনি।রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জলের সাথে তিনি ঘাটালের মাটি ঘাটালের জল বলে রীতিমতো উদ্বুদ্ধ করেছেন। ঘাটাল উৎসব ও শিশু মেলা ১০ দিন চলবে।

রকমারি স্টল, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে শিশু মেলা বাতিল ঘোষণা করা হলেও পরে মেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *