কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ আগস্ট:
টানা বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মানুষের ঘরবাড়ি, কৃষি জমি জলের তলায়। বৃহস্পতিবার রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা চন্দ্রকোনার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
সাথে ছিলেন আরও দুই মন্ত্রী হুমায়ুন কবির এবং শিউলি সাহা। মন্ত্রীরা প্লাবিত এলাকার মানুষদের সাথে কথা বলেন। চন্দ্রকোনা ২ ব্লকের কোজগেড়িয়া, চন্দ্রকোনা ১ ব্লকের কুলদহ ও পাইকপাড়াতে গিয়ে বন্যার্তদের জামা, প্যান্ট, শাড়ি, ধুতি, ত্রিপল এবং প্রয়োজনীয় কিটস তুলে দেন মন্ত্রীরা। সঙ্গে ছিলেন এডিএম, মহকুমাশাসক সুমন বিশ্বাস, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ক্ষীরপাই পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্য দোলই, বিধায়ক অরূপ ধাড়া।

মানসবাবু এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বাংলার মানুষকে মারার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমরা মানুষকে কষ্ট পেতে দেব না। তিনি আশ্বাস দেন, রাজ্য বাজেটের থেকে কিছু অর্থ দিয়ে মাস্টার প্ল্যানের পার্শ্ববর্তী প্রকল্পগুলিকে কার্যকরী করা হবে। আমাদের সাংসদরা লোকসভা এবং রাজ্যসভাতে চিৎকার করছেন মাস্টার প্ল্যান রূপায়নের দাবিতে। আমরা পরিদর্শনে এসেছি মুখ্যমন্ত্রীর নির্দেশ মত।
ডিএম সহ প্রশাসনিক আধিকারিকরা ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করছেন। কৃষির ক্ষতি এবং ওই এলাকায় ছয় জায়গায় বাঁধ ভাঙ্গার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র সার্কিট হাউসে মিটিং ডেকেছেন। সব ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে এই বিষয়ে আলোচনা হবে।

