অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জুন :
বিধানসভা ভোটের পর প্রথমবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় বিজেপি’র জেলা কার্যালয়ে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভ্যাকসিন কাণ্ডে আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত হলে রাজ্যের মানুষ প্রকৃত ঘটনা জানতে পারবেন। ওই ঘটনার সাথে আর কারা জড়িত তা মানুষ জানতে পারবেন। কিন্তু রাজ্য সরকার তদন্তের জন্য যে সিট গঠন করেছে তা তদন্তের নামে প্রহসন হবে।
শুভেন্দু বলেন, এর আগেও অনেক ঘটনা দেখেছে রাজ্যবাসী, সেই ভাবে একই ঘটনা ঘটবে। আমি বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন’কে জানিয়েছি। আশাকরি কেন্দ্র সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। তিনি বলেন, অভিযুক্ত দেবাঞ্জন দেব যেভাবে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী-সাংসদের সাথে ছবি তুলেছে তা দেখে তাজ্জব বনে যাচ্ছে রাজ্যের মানুষ। এমনকি তার নাম ফলকেঈ লেখা হচ্ছে। তাই এই ঘটনার সিট দিয়ে তদন্ত করলে কিছুই হবে না। প্রয়োজন আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত করা।

সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের ও তীব্র সমালোচনা করেন। তিনি ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামা প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার ৩৮ টাকা সেস নেয়, সেই টাকাটা ছেড়ে দিক না। ভোটের আগে এক টাকা কমিয়ে দিয়ে চমক দিয়েছিল। আর এখন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কথা বলে রাস্তায় নেমে মানুষকে আবার ধোঁকা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ এদের উপযুক্ত জবাব দেবে বলে তিনি জানান। তিনি মুকুল রায়ের বিধায়ক পদ সম্পর্কে বলেন, স্পিকার কি সিদ্ধান্ত নেন আগে জানাক তারপরে বিরোধী দলনেতা হিসেবে আমি আমার বক্তব্য জানাবো।

