পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দিতে এবার অফিসে নয়, মানুষের কাছে পৌঁছচ্ছেন আধিকারিকরা। গত ১৫ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার শিবির। জঙ্গলমহলে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে লেগেছে অভিনবত্বের ছোঁয়া। প্রতিটি সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে করা হয়েছিল স্টল। আর সেই আয়োজন দেখে অভিভূত রাজ্য থেকে যাওয়া পর্যবেক্ষকরা।
প্রসঙ্গত, বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিভিন্ন সরকারি অফিসের দূরত্ব বেশ অনেকখানি। একদিনে গিয়ে কাজ না করিয়ে ফিরতে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে রাজ্য সরকারের ৩৬টি প্রকল্পের সুবিধা সহজে এবং এক ছাতার তলা থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই চলছে দুয়ারে সরকার শিবির। সেখানে কৃষক বন্ধু থেকে শুরু করে জমি সংক্রান্ত কাজ কিংবা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ব্যাঙ্কিং নানা কাজ সম্পন্ন হচ্ছে।

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দুয়ারে সরকার শিবিরে হাজির ছিলেন পরিবহণ সচিব তথা দুয়ারে সরকার ক্যাম্পের রাজ্য পরিদর্শক সৌমিত্র মোহন। সঙ্গে ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং। আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এদিন শালবনি ব্লকের ভাদুতলাতে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন স্টলে ঝোলানো হয়েছিল প্রকল্পের নাম দেওয়া প্ল্যাকার্ড, ছিল নানান রং দিয়ে আঁকা পশ্চিমবঙ্গের ছবি, তার পাশে লেখা নানান সরকারি সুবিধার কথা।
রাজ্য পরিদর্শক বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে। কীভাবে কাজ চলছে তার তদারকি করেন। সবরকম সুবিধা মানুষ পাচ্ছেন কিনা তাও জানতে চান। তাতে আমজনতা সন্তোষজনক উত্তরই দিয়েছেন।

