পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: নারায়ণগড়ে সভা করতে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বেশ কয়েকটি বিষয় নিয়ে কটাক্ষ কলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন সভার আগে সাংবাদিকরা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেন, আদালতের তিনটি মামলার রায় নিয়ে। এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, কোর্ট পরপর তিনটি ঘটনায় যে রায় দিয়েছে তাতে রাজ্য সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা। প্রথম, হলো সুপ্রিম কোর্টে দ্যা কেরালা স্টোরি। যা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং রাজ্যের কাছে জানতে চেয়েছে এই রাজ্যে এই সিনেমা কেন নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়, কেস হল অভিজিৎ গাঙ্গুলি, যিনি তার রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন শিক্ষক নিয়োগে কী পরিমাণ দুর্নীতিতে রাজ্য সরকার জড়িত। তৃতীয়, বিচারপতি অমৃতা সিংহের এক রায়ে রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার ব্যাপারে কোনও স্থগিতাদেশ দেয়নি। আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি। স্বাগত জানিয়েছে বাংলার সাড়ে দশ কোটি মানুষ।

