রাজেন রায়, কলকাতা, ১৭ সেপ্টেম্বর: রাজ্যে শিল্প আসুক না আসুক, যুবসমাজকে যাতে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়, তার জন্য ‘কর্মসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য। এবার সেই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এমএসএমই দফতরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখযোগ্য হল, ছোট বা মাঝারি ব্যবসার দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
বেকার যুবক যারা স্বাবলম্বী হতে চান, তাদের
আবেদনপত্রগুলি খতিয়ে দেখতে জেলা এবং ব্লক স্তরে কমিটি গঠন করা হয়েছে। জেলাশাসকদের নেতৃত্বে ওই কমিটি গঠিত হয়েছে। অন্য দিকে কলকাতার ক্ষেত্রে কলকাতার মিউনিসিপ্যাল কমিশনারকে মাথায় রেখে ওই কমিটি গঠিত হয়েছে। রাজ্যের গ্রামীণ এবং শহর- উভয় ক্ষেত্রেই বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে এই প্রকল্পের গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। আবেদন জমার পর যোগ্য প্রার্থীদের তিন বছরের মেয়াদে স্বনির্ভর হওয়ার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।
এই প্রকল্পের মাধ্যমে যুব সম্প্রদায়ের সামনে কর্মসংস্থানের বড়োসড়ো সুযোগ আসছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। প্রতিবছর রাজ্যের এক লক্ষ বেকার যুবক-যুবতীকে সরকারের ‘কর্মসাথী প্রকল্প’ এর আওতায় স্বনির্ভর হওয়ার জন্য ঋণ এবং ভর্তুকি দেওয়া হবে। ছোট বা মাঝারি ব্যবসার দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের সামনে নতুন সম্ভাবনার দিশা খুলে যাবে বলে আশা রাজ্য প্রশাসনের।

