রাজেন রায়, আমাদের ভারত, কলকাতা, ১৭ নভেম্বর: করোনা কালে একাধিক বিষয়ে মানবিক মুখ দেখিয়েছে রাজ্য সরকার। এবার মানবিক সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহণ দফতর। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য মোটর ভেহিকেল ট্যাক্স মকুব করার সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে ট্যাক্স মকুব করার কথা জানানো হয়েছে। তবে গত বছর যারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, শুধু তারাই এই সুযোগের লাভ তুলতে পারবেন।
উল্লেখ্যযোগ্য, যে করোনার কারণে সব ধরনের পরিবহণ যেমন বেসরকারি বাস, স্কুল বাস, প্রাইভেট গাড়ি, সহ আরও অনেক বাহন যাদের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন রয়েছে তারাই একমাত্র এই কর মকুবের সুযোগ সুবিধা পাবে। গত বছরও একই ভাবে এই কর মকুবের ক্ষেত্রে ছাড় দিয়েছিল রাজ্য সরকার। তবে অনেকে আবার গত বছর সারা বছরের ট্যাক্স জমা দিলেও এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ফলে সেই সব গাড়ির মালিকরা এই সুবিধা থেকে লাভবান হবেন।
মোটর ভেহিকেল ট্যাক্সের অনুপাতে ট্যাক্স জমা দিতে ১৬ থেকে ৪৫ দিন দেরি হলে ২৫% হারে ট্যাক্স দিতে হয়। একই ভাবে ৪৫ থেকে ৭৫ দিন পেরিয়ে গেলে ট্যাক্স দিতে হয় ৫০% হারে। আর যদি টেন্সের মেয়াদ ৭৫ দিন থেকে বেশি হয় তবে ১০০% হারে ট্যাক্স দিতে হয় গাড়ির মালিকদের। তাই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্তের ফলে বহু মানুষ উপকৃত হবেন সেটা বলাই বাহুল্য।

