স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ এপ্রিল: তৃণমূল করতে গেলে বুকপকেটে গুলি বোম পিস্তল নিয়ে ঘুরতে হয়, পশ্চিমবঙ্গ কার্যত বারুদের স্তূপের ওপর উপর দাঁড়িয়ে রয়েছে। এদিন হাঁসখালির ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়াঃ দিলেন রাজ্য বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ। ইতিমধ্যেই বিজেপি সমর্থিত এবিভিপি সংগঠন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে শ্মশানে গিয়ে বিক্ষোভ দেখান। এখানে মূল অভিযুক্ত সোহেল গোয়ালির কুশপুতুলে আগুন লাগানো হয়। এরপর কলাতলা বাজারে গিয়ে রাজ্য সড়ক অবরোধ করে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়।
এরপরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসে বিজেপির রাজ্য যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, একজন ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে পরিবারকে হুমকি দেখিয়ে শ্মশানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন ওই কিশোরী অন্তঃসত্ত্বা ছিল কি না। শুধু তাই নয় প্রশ্ন তোলা হচ্ছে ওই কিশোরী মদ্যপান করেছিল কি না। তৃণমূলের শাসনে রাজ্যে কোন শাসন নেই। প্রশাসন শাসক দলে পরিণত হয়েছে। সিবিআই তদন্ত ভার নিয়েছে, আশা করছি সত্য উদ্ঘাটন হবে।

