আমাদের ভারত, শিলিগুলি, ১৪ আগস্ট: টিকাকরণ নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করার পাশাপাশি উত্তরবঙ্গ বঞ্চিত বলেও দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শিলিগুড়ি, মাটিগাড়া ও ডাবগ্রাম-ফুলবাড়ির তিন বিধায়ক সহ জেলা সভাপতিকে নিয়ে বৈঠক করেন শমিক ভট্টাচার্য। এছাড়া বিজেপির পক্ষ থেকে শনিবার একটি সেমিনারেরও আয়োজন করা হয়। সেখানে বিধায়করা ছাড়াও দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে তিনি বলেন, এই রাজ্যের টিকাকরণ পদ্ধতি স্বচ্ছ নয়। রাজ্যের টিকা দেওয়ার পদ্ধতি রাজনৈতিক বিভাজনের উপর নির্ভর করে। কেন্দ্রীয় সরকার নিখরচায় টিকা দিচ্ছে। তারপরেও রাজ্যের মানুষ টিকা পাচ্ছেন না। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এগুলো কেন হচ্ছে তা দেখা দরকার সরকারের। কেন্দ্র তো টিকা পাঠাচ্ছে কিন্তু এদের বন্টন ব্যবস্থা সঠিক নয়। তার ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। তিনি আরও বলেন, একটা দল জিতলেই তার সব কিছু ভালো হয়ে যায় না। নির্বাচনে উত্তরবঙ্গের ফল আর দক্ষিণবঙ্গের ফল দেখলেই বোঝা যায় উত্তরবঙ্গ বঞ্চিত তাই তারা তৃণমূলকে ভোট দেয়নি। আর এই বঞ্চিত থাকাতেই অনেকে আলাদা রাজ্য চেয়ে বসেন। যদিও আমাদের দল এটার পক্ষে নয়। কিন্তু যেভাবে দিনের পর দিন উত্তরবঙ্গ পিছিয়ে পড়ছে তার দায় এই সরকারকেই নিতে হবে। আর আমরা মানুষের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবো।

