Badminton, Midnapur, মেদিনীপুরে রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: মেদিনীপুর তরুণ সঙ্ঘ ক্লাব- এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে শুরু হলো রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা। তিন দিনের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সদস্য তথা বিধায়ক সুজয় হাজরা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর সারেঙ্গী, তপন ভকত, শান্তনু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিনের খেলার প্রসঙ্গে ক্লাবের সম্পাদক নন্দ লাল ভকত জানান, তরুণ সঙ্ঘ ক্লাব বরাবরই ক্রীড়া মানোন্নয়নে সচেষ্ট। সারা বছর ধরে বিভিন্ন ক্রীড়া কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবটি জেলার ক্রীড়া চর্চাকে এগিয়ে নিয়ে চলেছে। তিনি আরও বলেন, এই ক্লাবে ব্যাডমিন্টন খেলার সূচনা করেছিলেন অসীম বসু মল্লিক, যিনি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সম্পাদক হিসেবেও পরিচিত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, আগামী তিন দিন ধরে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে রবিবার এই রাজ্যস্তরের প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে।

ক্রীড়া মহলের মতে, এই ধরনের উদ্যোগ রাজ্যে ব্যাডমিন্টন খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রতিভা উঠে আসার সুযোগ সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *