রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নতুন দিন ও সময় ঘোষণা বোর্ডের

রাজেন রায়, কলকাতা, ২৩ জুন: অবশেষে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জয়েন্ট এন্ট্রাস বোর্ড। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, ১১ জুলাইয়ের বদলে পরীক্ষা হবে ১৭ জুলাই। পরীক্ষা হবে অফলাইনে। ফল প্রকাশিত হবে ১৪ আগস্টের মধ্যে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলেও এই পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা হবার কারণে কোনওভাবে বাতিল হওয়ার সম্ভাবনা ছিল না। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দেবেন। তাঁদের জন্য ২৭৪টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে বাড়ির কাছে সেন্টারে পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার সময় করোনাবিধি মানতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা সেন্টার-ইন-চার্জকে পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এই প্রথম অফলাইনে পরীক্ষা হতে চলেছে এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।

জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, নার্সিংয়ের প্রবেশিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা সহ ১১টি পরীক্ষা যথাসময়ে নেবে বোর্ড। শুধু নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা হবে ৭ জুলাই। ৮ আগস্ট স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা হবে ১৪ আগস্ট।
 
সাধারণত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু আসন খালি থেকে যায়। সেই সমস্যা মেটাতে গত বছর এপ্রিল মাসের পরিবর্তে উচ্চমাধ্যমিকের আগেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু চলতি বছরে করোনা পরিস্থিতি এবং বিধানসভা নির্বাচনের জন্য দিন পিছিয়ে গিয়েছিল। অবশেষে পরীক্ষা হতে চলেছে জেনে খুশি ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *