পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ মার্চ: বিধানসভার রণতরী পার করতে রাজ্যের সাত বিজেপি সাংসদকে ময়দানে নামানোর সম্ভাবনা। বালুরঘাট কেন্দ্রে প্রার্থী হিসাবে সাংসদ সুকান্ত মজুমদারের নাম ঘিরে জল্পনা। ২৬ তারিখেই প্রকাশিত হতে পারে চুড়ান্ত প্রার্থী তালিকা। নেতৃত্বদের মতানৈক্যে বেশীর ভাগ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী শক্তি দল বিজেপি। ২৯৪ আসনে তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচার শুরু করলেও, সেদিক থেকে অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। শাসকের দল ভাঙিয়ে শক্তি প্রদর্শন করলেও প্রার্থীর জন্য সেই সাংসদদের উপরেই ভরসা বিজেপির। রাজ্যজুড়ে বিজেপির প্রার্থী তালিকায় উঠে আসা চার সাংসদদের মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও একই কায়দায় হাঁটার সম্ভাবনা রয়েছে বিজেপির, বলেও দলীয় সুত্রের খবর। জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদর শহর বালুরঘাট কেন্দ্রেই সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বর্তমান সাংসদ সুকান্ত মজুমদারকে বলে সূত্রের খবর। সোমবার এমন খবর চাউড় হতেই রীতিমতো গুঞ্জন ছড়িয়েছে খোদ বিজেপির অন্দরে।

যদিও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় না। তবে দল যাকে দায়িত্ব দেবে তাকে সেখানেই প্রার্থী হতে হবে। বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্য দখলে মরিয়া হয়ে ওঠে বিজেপি। মোদী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক নেতা রাজ্যে প্রচার শুরু করে আলাদা মাইলেজ নিতে চাইলেও তা যেন অধরাই থেকে যাচ্ছে। মোদী হাওয়ায় ভর করে প্রধান বিরোধী শক্তি হিসাবে সামনে আসলেও এবারের বিধানসভায় বিজেপির সবচেয়ে বড় বাধা সঠিক প্রার্থী পদ নির্নয়। তৃণমূল থেকে আসা দুর্নীতিতে অভিযুক্ত একাধিক নেতাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা সহ দলের আসল কর্মীদের বাইরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। আর যার কারণে প্রার্থী খুঁজে পেতেও তাদের ভর করতে হচ্ছে সেই সাংসদদের উপরই। আর এমন বিষয়কে রাজ্যের মানুষ কতটা ভালো চোখে নেবে সেটাই এখন যেন দেখার বিষয়। দলের কর্মীরাও কি পুরো দমে ঝাঁপিয়ে পড়বে নির্বাচনী লড়াইয়ে উঠছে সেই প্রশ্নও।

সূত্রের খবর, পুরো রাজ্যজুড়ে মোট সাত জন সাংসদকে বিজেপির তরফে দেওয়া হতে পারে বিধানসভার টিকিট। ইতিমধ্যে প্রথম দফা ও দ্বিতীয় দফায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ১১৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে লকেট চ্যাটার্জি, নিশীথ প্রামাণিক সহ চার জন সাংসদের নামও রয়েছে। তৃতীয় দফায় ১৭৫ জনের নাম ঘোষণা করবে বিজেপি বলে খবর। এবারে সেই তালিকায় আরও তিন সাংসদের নাম থাকবার সম্ভাবনা। যেখানেই রয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম। এমন খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন ছড়িয়েছে।

