স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ সেপ্টেম্বর:
আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন। আজ রানাঘাটের দুই পড়ায় বাড়ি বাড়ি গিয়ে রেশন বিলি করা হয়। রেশন ডিলার নিজেই গাড়ি করে জিনিসপত্র নিয়ে বাড়ি বাড়ি পৌছে দিলেন।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন, আর পোহাতে হবে না ভোগান্তি। বুধবার গোটা রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্প। রানাঘাটে এদিন পাইলট প্রজেক্টের দায়িত্ব প্রাপ্ত রেশন ডিলার অসিত দাস বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেন। রানাঘাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয়। এদিন মূলত রানাঘাট ভট্টাচার্য্য পাড়ায় ও বিশ্বাস পাড়ায় চলে দুয়ারে রেশন পাইলট প্রজেক্টের কাজ। দুয়ারে রেশন পেয়ে খুশি সাধারণ মানুষ। দুয়ারে রেশন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

রেশন ডিলার অসিত কুমার দাস একটি টোটোতে আজ চাল আর ডাল নিয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি যান। অসিত কুমার দাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আজ থেকে শুরু হল। আমরা গাড়িতে করে মাল নিয়ে দুটো ওয়ার্ডের দুই পাড়ায় বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিলাম।

