বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ মে: রাস্তার অবস্থা বেহাল বহুদিন। সংস্কারের বিষয়ে বার বার জানানো হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার নিজেরাই রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাচনাডাঙ্গী ও দক্ষিণ হাজার বিঘা এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, দুই এলাকার মধ্যে থাকা দেড় কিলোমিটার সড়কপথটি দীর্ঘদিন ধরেই বেহাল। অল্প বৃষ্টি হলেই গোটা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। এমনকী বেহাল রাস্তার কারণে প্রায়শই ঘটে ছোটোখাটো দুর্ঘটনাও। রাস্তা সংস্কারের বিষয়ে বিধায়ক, ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত বিভিন্ন জায়গায় বার বার আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তা সংস্কারে এগিয়ে এলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিমল মন্ডলও।

তবে সাময়িকভাবে গ্রামবাসীরা রাস্তা সংস্কারে উদ্যোগ নিলেও, স্থায়ীভাবে এই সমস্যা সমাধানে পাকা রাস্তার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *