কলকাতা জিপিওর অন্দরে এবার সূচনা ভারতের প্রথম অত্যাধুনিক পার্সেল ক্যাফের

আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ: তরুণ প্রজন্মের নজর কাড়তে এক অভিনব উদ্যোগ শুরু করল ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। কলকাতা জিপিওর অন্দরে এবার সূচনা হল ভারতের প্রথম অত্যাধুনিক পার্সেল ক্যাফে।

বর্তমানে শহরে বিভিন্ন থিমের ক্যাফের রমরমা। আন্তর্জাতিক নারী দিবসের কথা মাথায় রেখে এই ক্যাফের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল (সিপিএমজি) জে. চারুকেশী। এই দিন একই সাথে দার্জিলিং চা-কে মান্যতা দিয়ে ডাক বিভাগ প্রকাশ করেন একটি স্পেশাল কভার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি বোর্ড অফ ইন্ডিয়ার আধিকারিকেরা৷ এই কভার প্রকাশের সময় সিপিএমজি চারুকেশী বলেন, দার্জিলিং চায়ের সাথে যে সমস্ত চা শ্রমিকদের জীবন জড়িয়ে তাদের অধিকাংশই নারী। এমনকি দার্জিলিং চায়ের হলমার্কেও রয়েছে চা বাগানের নারী শ্রমিকের ছবি। আর নারী দিবসের দিনে প্রকাশ হওয়া এই কভারের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে সেই সকল চা শ্রমিকদের কথা।

এ ছাড়াও একই সাথে এই দিন ভারতীয় ডাকের বেশ কিছু ডাকঘরে শুরু হয়েছে একই দিনে ডেলিভারির উদ্যোগ। দমদম, বড়বাজারের মত বিভিন্ন ব্যাস্ত পোস্ট অফিসে কিছু নির্দিষ্ট পিন কোডে বুকিং এর দিনই ডেলিভারির বন্দোবস্ত করা হবে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং হলে তবেই একই দিনে ডেলিভারি সম্ভব, জানান ডাক আধিকারিকেরা। এছাড়াও পার্সেলের বুকিং বাড়ানোর জন্য এদিন আরও একটি মোবাইল বুকিং ভ্যানের সূচনা করেন মুখ্য পোস্টমাস্টার জেনারেল।

কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল, নীরজ কুমার বলেন এই বছর পশ্চিমবঙ্গের ডাক বিভাগ মহামারির মধ্যে ৩০০ টন পার্সেল বুক করেছে এবং ১২ লক্ষের অধিক পার্সেল সঠিকভাবে বন্টন করেছে, সেই জন্য এদিন বিভিন্ন পোস্টম্যানদের পার্সেল সুপারস্টার পুরস্কার দেওয়া হয়।

এই সবকিছুর পরেও কলকাতা জিপিওর মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল পার্সেল ক্যাফে। সেই উপলক্ষে পোস্টকার্ডও বিলি করা হয়৷ এই স্থানেই আগে ছিল শিউলি নামের ডাক বিপণন কেন্দ্র। আর তাকেই নতুন রূপে প্রকাশ করে তৈরি হয়েছে শিউলি, দ্য পার্সেল ক্যাফে।

এই ক্যাফের প্রতিটি সামগ্রীতেই রয়েছে রানার থেকে স্ট্যাম্পের ছোঁয়া৷ শতাব্দী প্রাচীন এই ভারতীয় ডাকের সাথে মানুষের সম্পর্ককে একটু একটু করে আলোকিত করছে ভারতীয় ডাক বিভাগ। এই ক্যাফেতে চা কফির সাথে সাথে পাওয়া যাবে ডাক বিভাগের তৈরি বিভিন্ন উপহার সামগ্রীও। এখন মানুষের সাথে এই বিভাগের প্রাচীন সুসম্পর্ক যে নতুন প্রজন্মের সাথেও ঘটবে তার আশাতেই সৃষ্টিশীল মানুষের জন্য জিপিও-র দ্বার খুলেছে ভারতীয় ডাক বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *