বুনিয়াদপুরে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে পুরনো অভ্যাস মত তৃণমূলকে ভোট দিতে বললেন সোনা পাল, হেসে লুটোপুটি সকলে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ এপ্রিল: বিজেপির ভরা সভায় নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে জোড়াফুলে ভোট দেবার আবেদন শুভাশিষ ওরফে সোনা পালের। সদ্য তৃণমূল ত্যাগী নেতার এমন বক্তব্যে হেসে লুটোপুটি খেল পথ চলতি সাধারণ মানুষ। মুখ চেপেও হাসি থামাতে পারেননি সভায় উপস্থিত হওয়া নেতা-কর্মীরা। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে বিজেপির সভায় ওই নেতার এমন বক্তব্যকে ঘিরে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ে। যদিও পরক্ষণেই নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন বিজেপি নেতা শুভাশীষ পাল।

হরিরামপুর ব্লকে এক সময় অন্যতম দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিল শুভাশীষ ওরফে সোনা পাল। কংগ্রেস জামানা থেকে শুরু করে তৃণমূলে থাকাকালীন সময়েও হরিরামপুর তাঁর দখলেই থেকেছে। সম্প্রতি একাধিক দূর্নীতির অভিযোগে কিছুটা কোনঠাসা হয়ে পড়েন তার নিজের লোকেদের কাছেই। আর যার কারনে তৃণমূল তাঁকে দল থেকে বহিস্কার করতেও পিছুপা হয়নি। যারপরেই বহিস্কৃত ওই নেতা বিজেপির পতাকা তুলে নিয়েছেন।

রবিবার রাতে বুনিয়াদপুরে হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার এবং বিজেপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেন শুভাশিস পাল। যেখানে মঞ্চে দাঁড়িয়ে এক ঝাঁক বিজেপি নেতার উপস্থিতিতে পুরনো অভ্যাস মত মুখ ফসকে তৃণমূলে ভোট দেওয়ার কথা বলে ফেলেন তিনি। যার পরে খানিকটা অস্বস্তিতে পড়েন শুভাশিসবাবু নিজেও। আর যে ঘটনা নিয়ে হাসির রোল পড়ে যায় গোটা বুনিয়াদপুর শহরে।

শুভাশিস পাল অবশ্য পরে নিজের ভুল শুধরে নিয়ে জানিয়েছেন, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। তাই অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন সকলের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *