এসএসকেএম বলেছিল, “পার্থর হার্ট ব্লক”, এইমস জানালো, “এমন কোনো গুরুতর সমস্যা নেই যে ভর্তি করতে হবে”

আমাদের ভারত, ২৫ জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের তেমন কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। সোমবার ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই একথা জানানো হল ওই হাসপাতালের তরফে। চিকিৎসকরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতাল থেকে বলা হয়েছে কিছু ক্রনিক শারীরিক সমস্যার রয়েছে যার জন্য ওষুধ দেওয়া হচ্ছে।

গত শনিবার সন্ধ্যায় পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, হার্টে ব্লক রয়েছে। এছাড়াও আরো কিছু সমস্যার কথা বলা হয়েছিল। কিন্তু তেমন কোনো অসুস্থতার হদিশ পাননি এইমসের চিকিৎসকরা। সোমবার সকালে কলকাতা থেকে মন্ত্রীকে ভুবনেশ্বরে এইমসে নিয়ে যাওয়া হয় এয়ার আম্বুলান্সে। বিমানবন্দরে নামার পর হুউল চেয়ারে তাকে নিয়ে যাওয়ার সময় দেখা যায় বুকে হাত দিয়ে ঘাড় কাত করে বসে রয়েছেন তিনি।

এরপরই এইমসে পরীক্ষা করা হয়। চার সদস্যের মেডিকেল টিম তৈরি হয়েছিল তার জন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল। এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের যতটুকু অসুস্থতার হয়েছে তার বেশির ভাগই ক্রনিক অর্থাৎ পুরনো সমস্যা। নতুন করে এমন কোনো অসুস্থতা দেখা যায়নি যাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোমবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হবে। তবে ভর্তি না করা হলেও তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন আশুতোষ বিশ্বাস। তিনি জানান, কিছু ওষুধ পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার এসএসকেএম-এর তরফে জানানো হয়েছিল হার্টে ব্লক রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, কিডনির পুরনো সমস্যাও রয়েছে। এছাড়া হাঁটুতেও ব্যথা আছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এসএসকেএম-এ। কিন্তু এসএসকেএম-এ চিকিৎসা চললে তদন্ত প্রভাবিত হতে পারে বলে দাবি করে ইডি। সেই আবেদনের ভিত্তিতে তাকে এইমসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রাজ্য সরকারের অধীনে এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *