Srishti Shree, Midnapur, মেদিনীপুরে শুরু সৃষ্টিশ্রী মেলা, চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে শুরু হলো স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের তৃতীয় আঞ্চলিক ‘সৃষ্টিশ্রী মেলা’।

সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী শিউলি সাহা। এই মেলা চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক সুজয় হাজরা, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ একাধিক জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা বলেন, রাজ্য সরকারের লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। ‘সৃষ্টিশ্রী মেলা’ সেই লক্ষ্যেরই বাস্তব রূপ, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, খাদ্যসামগ্রী ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন উদ্যোক্তারা।

এই মেলায় চলতি বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যবসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় রাজ্যের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলি অংশগ্রহণ করছে এবং সাধারণ মানুষের মধ্যে মেলার প্রতি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক লাভ হবে, তেমনই অন্যদিকে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রচার ও প্রসার ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *