অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৭ জুলাই: মালদহ বিমানবন্দর দ্রুত চালু করতে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়াকে চিঠি দিলেন মালদহের ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
শনিবার শ্রীরূপা লিখেছেন, কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হিসাবে আপনার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা ইংলিশ বাজারে অবস্থিত মালদহ বিমানবন্দরের দ্রুত চালু করার প্রার্থনা করছি।
আমি বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পূর্ব ভারতের প্রত্যন্ত কোণে বাস করা মালদহের লোকদের অনুভূতি প্রকাশ হিসাবে এই চিঠিটি লিখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘উডান’ আঞ্চলিক যোগাযোগ প্রকল্পের মাধ্যমে আমজনতাকে আকাশপথে যাতায়তের সুযোগ করে দিচ্ছেন।
মালদহ বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাণিজ্য ও ব্যবসার কেন্দ্রস্থল। ইংলিশ বাজার শহরটি মালদা, মুর্শিদাবাদ, কাটিহার, সাহেবগঞ্জ এবং বাংলাদেশের লোকরা ব্যবহার করেন। বায়ুপথ সংযোগ কেবল ব্যবসায়ী সম্প্রদায়েরাই নয়, গুরুতর অসুস্থ বা রোগীদের জন্যও জরুরিভাবে এটা প্রয়োজন।

নরেন্দ্র মোদীর ‘পূবে তাকাও‘ নীতির সফল রূপায়ণ হিসাবে এটা কার্যকরী করা যায়।
এই বিমানবন্দরের জন্য স্থানীয় মানুষজন দীর্ঘদিন অপেক্ষা করছেন। তাই বিশেষভাবে আপনাকে এর রূপায়ণের আবেদন করছি।

