আমাদের ভারত, হুগলী, ২৯ জুন: শিশুকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত শ্রীকান্ত অধিকারীকে ২০ বছরের সশ্রম কারাবাস ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের হাজত বাসের নির্দেশ দিল আদালত। বুধবার শ্রীরামপুর আদালতের বিচারক মনোজ কুমার রাই এই নির্দেশ দেন।
শিশুর যৌন নির্যাতনের মামলায় অভিযুক্তকে সাজা শোনাতেই আদালতে আলোড়ন ছড়িয়ে পড়ে। এজলাসে সাজা শোনার পর কান্নায় ভেঙে পড়ে আসামী।
আদালত সূত্রে খবর, ২০১৮ সালে প্রতিবেশীর ৬ বছরের শিশুকে লজেন্সের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে শ্রীকান্ত। ওই সময় শিশুটির বাড়িতে কেউ ছিল না। এরপর তার পরিবারকে শ্রীকান্তর কুকীর্তির কথা জানাতেই শিশুটির পরিবার চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পরেই চণ্ডীতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারপর থেকে জেলেই ছিল অভিযুক্ত। মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত সাজা দেয়।
এ বিষয়ে সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, শিশুটির পরিবার ন্যায় পেয়েছে। এর ফলে আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে। আদালত নির্দেশ দিয়েছে আগামী এক মাসের মধ্যে নাবালিকার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে।

