‘রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব’, এবার ফেসবুকে হুমকি শ্রীলেখাকে

রাজেন রায়, কলকাতা, ২০ জানুয়ারি: যতদিন এগোচ্ছে, ততই গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সায়নী, দেবলীনার পর এবার নিশানায় অভিনেত্রী শ্রীলেখা। অভিনেত্রীর পশুপ্রেমী সত্তাকে আক্রমণ করে এবার চলল তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইতিমধ্যেই বাম শিবিরের আয়োজিত বেশ কিছু রক্তদান শিবির থেকে শুরু করে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এমনকী, তিনি যে মনে-প্রাণে আজও বামপন্থী, তাঁর ফেসবুক পোস্টই বলে দেয় সেকথা, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। কখনও বা রাজ্যের শাসক দলের সমালোচনায় সরব হন তো আবার কখনও বা গেরুয়া শিবিরের কর্মকাণ্ড নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করতেও পিছপা হন না তিনি। নিজের বাড়ির তিন পোষ্য ছাড়াও রাস্তার সারমেয়দের নিয়ে যথেষ্ট চিন্তিত তিনি। শ্রীলেখা বরাবরই স্পষ্টভাষী। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ হোক, রাজনৈতিক দলের নেতা-কর্মী কিংবা পশুদের প্রতি অত্যাচার, কোনও ইস্যুতেই কাউকে রেয়াত করেন না। আর তার ওপর ভিত্তি করে এবার সোশ্যাল মিডিয়ায় তাকে বলা হয়েছে, “নিজের ‘অউকাদ’ বুঝেই আন্দোলন করা উচিত। রাস্তায় নেমে ভাম-রাজনীতি করতে আসলে, চাটনি করে ছেড়ে দেব।”

সম্প্রতি পশুদের উপর হওয়া নির্যাতন নিয়ে একটি রোড শোতে অংশ নিয়েছিলেন শ্রীলেখা মিত্র। পশুপ্রেমী হিসেবে সেখানেও বক্তব্য রাখেন। অভিনেত্রীর সেই লাইভ ভিডিও শেয়ার করেই ‘বিশ্বাস ইনা অনিরুদ্ধ’ নামে এক প্রোফাইল থেকে কেউ একজন শ্রীলেখাকে কটুক্তি করেছেন। তাঁর কথায়, পশুপ্রেমীদের নিয়ে রোড শো-তে শ্রীলেখা অংশ নিয়েছেন, সেটা খুব ভাল উদ্যোগ, অতি প্রয়োজনীয় পদক্ষেপ, এই প্রতিবাদকে তিনি সার্বিকভাবে সমর্থন জানান। “তবে রাজনৈতিক মঞ্চে যেন শ্রীলেখা আন্দোলন করতে না আসেন।”

তবে আক্রমণের জবাবে চুপ করে থাকেননি অভিনেত্রী। তাঁর ভাষাতেই উত্তর দিয়ে শ্রীলেখা লিখেছেন, “আমার বাম ভাইয়েরা এটা একটু দেখো। হিন্দুধর্মে মহিলাদের বুঝি এভাবে সম্মান জানায়? এরপরও মানুষ তুমি মূক ও বধির হয়ে থাকবে?” স্বাভাবিকভাবেই ঘটনা ফের আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *