জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ এপ্রিল: করোনা সংক্রমিত হয়ে গৃহ নিভৃত আবাসে রয়েছেন শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা গত দু’বারের বিধায়ক শ্রীকান্ত মাহাত। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, নিজের এলাকায় ২৭ মার্চ প্রথম দফায় ভোট পর্ব মিটে যাওয়ার পর দলীয় নির্দেশ তিনি রাজ্যের বিভিন্ন জেলার প্রার্থীদের সমর্থনে প্রচারে ব্যস্ত ছিলেন। সেইমতো রবিবার আসানসোল-দুর্গাপুর এলাকাতেও তিনি প্রচারে যান যেখানে এই মুহূর্তে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে প্রচার কাজে ব্যস্ত থাকার সময় কাশি সহ সামান্য উপসর্গ দেখা দেওয়ায় তিনি করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। সোমবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তিনি আসানসোল থেকে ফিরে এসে শালবনির বাড়িতে গৃহ নিভৃতবাসে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

