নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মে: ফের তৃণমূলের পথে মুকুল রায়? এমন গুঞ্জনে শুক্রবার ভাসল রাজ্য বিধানসভা। সুব্রত বক্সীর সঙ্গে মুকুল রায়ের ব্যক্তিগত আলাপচারিতার জন্যই এমন গুঞ্জন তৈরি হয়েছে।
আজ বিধানসভায় শপথ নিতে আসেন মুকুল রায়। শপথ নেওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত বক্সীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুকুল রায়। এরপর মুকুল রায় শপথ গ্রহণের পর নিজেই জল্পনা আরও বাড়িয়ে দেন।
সংবাদমাধ্যমকে তিনি জানান, আমার অনেক কিছু বলার রয়েছে। আমি বলবো। যেদিন বলবো সবাইকে ডেকেই বলবো। সংবাদমাধ্যমকে এই কথা বলে বিধানসভা ছাড়েন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। মুকুল রায়ের মুখে এমন কথা শুনে জল্পনা আরও বাড়তে থাকে। মুকুল রায়ের সঙ্গে সুব্রত বক্সীর ব্যক্তিগত আলাপচারিতা নিয়ে মুখ খোলেননি তৃণমূল নেতৃত্ব। মুখ খোলেননি সুব্রত বক্সী নিজেও।
মুকুল রায়ের এমন বক্তব্যে বিজেপি বিধায়কদের মধ্যেও বিধানসভায় জল্পনা তৈরি হয়েছে। এক সময়ে বিধানসভায় বিজেপি বিধায়করা নিজেদের মধ্যে মুকুল রায়কে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিলেন। তারাও মুকুল রায়ের বক্তব্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

