আমাদের ভারত, ২৫ মার্চ: এতদিনের জল্পনা সত্যি হলো। বুধবার রাজ্য বিধানসভা ভোটের জন্য আরও ১৯ আসনের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এই তালিকায় পানিহাটিতে তাদের হয়ে ভোটে লড়বেন আর জি কর কান্ডের নির্যাতিতার মা।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজেপির তৃতীয় তালিকায় পানিহাটি আসনে এই নামে বিশেষ চমক ছিল। যদিও অনেকেই দাবি করছেন, আর জি কর- এর ঘটনা ঘিরে গড়ে ওঠা আবেগকে জয় নিশ্চিত করতে হাতিয়ার করা হয়েছে।
এই তৃতীয় তালিকার পর আরো ১৯টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করা বাকি থাকল। তৃতীয় দফার তালিকায় উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
আর জি কর- এর নির্যাতিতা চিকিৎসকের মাকে বিজেপি প্রার্থী করছে তা আগেই শোনা যাচ্ছিল। তিনি নিজেই জানিয়েছিলেন বিজেপির টিকিট লড়তে চান। তারপর সম্প্রতি তিনি ও তার স্বামী অর্থাৎ অভয়ার বাবা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যদিও নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ার বিষয়টি তালিকা প্রকাশের আগে দল নিশ্চিত করেনি। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, প্রার্থী পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি থেকে।
বুধবার সেই জল্পনার অবসান হলো। পানিহাটি কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। ওই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী কলোতান দাশগুপ্ত।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোট গ্রহণ হবে। ভোটের ফলাফল জানা যাবে ৪ মে। ইতিমধ্যেই তৃণমূল সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সিপিএম দুটি তালিকা প্রকাশ করেছে। বিজেপি তিনটি তালিকা প্রকাশের পরেও ১৯টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা বাকি থাকল। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে সব রাজনৈতিক দলই পুরোদমে ভোটের প্রচার শুরু করেছে।
২০২৪ সালের আগস্টে আর জি কর- এ রাতে ডিউটিতে কর্মরত চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের আজীবন কারাবাসের শাস্তি হয়। তবে পুলিশ এবং সিবিআই তদন্তে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার মা। তাঁর দাবি, নারী সুরক্ষা নিশ্চিত করতে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

