আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ আগস্ট: ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে একদিনের প্রশিক্ষণ শিবির হল জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার শহরের সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থা (STARPARD), জলপাইগুড়ি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল।

প্রদীপ জ্বালিয়ে শিবিরের সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়েই আজকের এই প্রশিক্ষণ শিবির। যাতে এই সংক্রান্ত বিভিন্ন কাজ অতি দ্রুত শেষ করা যায় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” এদিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তেজশ্বী রানা, সদর মহকুমা শাসক সুদীপ পাল প্রমুখ।


