টমেটোর দাম কমাতে বিশেষ পদক্ষেপ মোদী সরকারের, সংসদে জানালেন অর্থমন্ত্রী

আমাদের ভারত, ১০ আগস্ট: বাজারে টমেটোর দাম নিয়ন্ত্রণে আনতে নয়া নীতি নিলো নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, মূল্য বৃদ্ধি সামাল দিতে নেপাল থেকে টমেটো আমদানি করবে ভারত।

দু’মাস ধরে টমেটোর দাম ঊর্ধ্বমুখী। সংসদের বাদল অধিবেশনেও মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। মণিপুরের হিংসায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি ছাড়াও মহার্ঘ টমেটোকে কিছুটা সস্তা করার দাবি উঠেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যসভায় নির্মলা বলেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। আমজনতার উপর থেকে মূল্য বৃদ্ধির খাঁড়া সরানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রিসভা গোষ্ঠী প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ নেপাল থেকে টমেটো আমদানির পাশাপাশি আফ্রিকার মোজাম্বিক থেকে আরোহর ডাল এবং প্রতিবেশী দেশ মায়ানমার থেকে বিউলির ডাল আনা হচ্ছে। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ হিসেবে তিন লক্ষ টন পেঁয়াজ মজুত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। নির্মলা সীতারমন জানিয়েছেন, মহারাষ্ট্র, কর্ণাটক থেকে টমেটো সংগ্রহ করা হচ্ছে। দিল্লি, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থানের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং অন্যান্য সমবায় সমিতির মাধ্যমে তা বিতরণ করা হচ্ছে।
এখনো পর্যন্ত ৮ লক্ষ ৮৪ হাজার টন টমেটো বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *