স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: বাংলাদেশের স্বাধীনতার গোল্ডেন জুবিলি বর্ষ উপলক্ষ্যে ৭২ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের উদ্যোগে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোল গ্রাম পঞ্চায়েতের মালদাখন্ড বিওপিতে। এদিন ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধে ব্যবহৃত অস্ত্রভান্ডারের প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি গ্রামবাসীরাও এদিনের প্রদর্শনী দেখতে ভিড় জমান এলাকায়।

এদিনের প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাক্তন ব্রিগেডিয়ার ডিসি মজুমদার। রায়গঞ্জের পাশাপাশি বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ভারতীয় সেনার অবদানকে স্মরণে রেখে ৯৪ নং ব্যাটেলিয়ন বিএসএফের উদ্যোগে চোপড়া ব্লকের সীমান্তবর্তী ফকিরানী এসএসকে স্কুল ময়দানে প্রদর্শনী কর্মসুচি আয়োজিত হল মঙ্গলবার। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র প্রদর্শিত হয়। স্কুল পড়ুয়াদের পাশাপাশি গ্রামবাসীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।


