উত্তরবঙ্গে তিন জেলায় বিশেষ ‘দুয়ারে সরকার’

আমাদের ভারত, ৩ নভেম্বর: তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের সুবিধার লক্ষ্যে উত্তরবঙ্গে তিন জেলায় বিশেষ ‘দুয়ারে সরকার’ শিবির করছে রাজ্য সরকার।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিরে এক্স হ্যাণ্ডেলে লেখেন, “সিকিমের সাম্প্রতিক তিস্তার বন্যায় আমাদের পাহাড় এবং ডুয়ার্স এলাকার বিশাল এলাকাকে প্রভাবিত করেছে। এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বিশেষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে।

যে শিবিরগুলিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত রেশন এবং সামাজিক সুরক্ষা কার্ডগুলি নতুন করে পেতে সাহায্য করা হবে। জেলাশাসকরা স্থানীয়ভাবে ক্যাম্পের তারিখ ঘোষণা করছেন।

প্রসঙ্গত, অক্টোবরের প্রথমদিকে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জলের তোড় পাহাড় থেকে সমতলের প্রচুর এলাকার বাড়িঘর, গাছ পালা ভাসিয়ে নিয়ে যায়। সর্বগ্রাসী তিস্তা দ্বিগুণ শক্তি নিয়ে আছড়ে পড়ে আস্ত জনপদের উপরে। তছনছ, লন্ডভন্ড করে সবকিছু। একের পর এক প্রাণ যায় মানুষজনের। জলে তলিয়ে যায় মানুষ, পশু। নিখোঁজ হয় শতাধিক। তাদের কাউকে উদ্ধার করা যায়, কেউ আবার তলিয়ে যায় ফুঁসতে থাকা তিস্তার অতলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *