করোনা আবহে কলকাতা পুরসভার কর্মীদের জন্য বিশেষ বাস

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ১০ জুন: করোনা আবহে কর্মীদের একশো শতাংশ হাজিরা নিশ্চিত করতে বিশেষ বাসের ব্যবস্থা করল কলকাতা পুরসভা। সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই বাসগুলি শহরতলির আটটি জায়গা থেকে ছাড়বে। বিকেলে কলকাতা পুরসভার সদর দফতর থেকে কর্মীদের নিয়ে ফিরে যাবে, সকালে যেখান থেকে ছেড়েছিল, সেই সব ডিপোয়।

কর্মীদের অফিসে হাজিরা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই বিশেষ বাসের ব্যবস্থা রেখেছে বিভিন্ন বেসরকারি সংস্থা। করোনা আবহে বেসরকারি সংস্থাগুলির এই পেশাদারি পরিকল্পনাকে অনুসরণ করল কলকাতা পুরসভা। এই প্রথমবার সদর দফতরের কর্মীদের অফিসে যাতায়াতের জন্য পুরসভাও বিশেষ বাসের ব্যবস্থা করেছে। সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই বাসগুলি শহরতলির আটটি জায়গা থেকে ছাড়বে। বিকেলে কলকাতা পুরসভার সদর দফতর থেকে কর্মীদের নিয়ে ফিরে যাবে, সকালে যেখান থেকে ছেড়েছিল, সেই সব ডিপোয়।

এই ব্যাপারে কলকাতা পুরসভা সূত্রে খবর, ডায়মন্ড হারবার, বারুইপুর, জোকা, গার্ডেনরিচ, বারাসত, ব্যারাকপুর, কল্যাণী, ব্যান্ডেল থেকে মোট ১১টি বাস এই যাতায়াতের কাজ করবে। পুরকর্মীদের পরিচয়পত্র দেখেই বাসগুলিতে উঠতে দেওয়া হবে। করোনা আবহে এখনও যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক হয়নি। অথচ পুরপরিষেবা নাগরিকদের প্রাপ্য। সেকথা মাথায় রেখে এই সব বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, এই সব বাসগুলিতে শুধু কলকাতা পুরসভার কর্মীরা যাতায়াত করলে করোনা বিধি মেনে চলাও পুরকর্তাদের পক্ষে সহজ হবে। তাই এই সব বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *