মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিধানসভার অধ্যক্ষ

রাজেন রায়, কলকাতা, ৬ অক্টোবর: মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদে থাকা নিয়ে এবার সুপ্রিম কোর্টে। গত ২৮ সেপ্টেম্বর কলকাটা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, বিধায়ক মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদে রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকারকে এই সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। তার ঠিক দুই দিন আগে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার অধ্যক্ষ।

প্রসঙ্গত, প্রথা ভেঙে মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি’র চেয়ারম্যান করা হয়েছে। এই অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুলের নাম ঘোষণা করার পর রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে নালিশ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল। এমনকী মুকুল রায় এখনও এই পদে থাকায়, পিএসি-র দ্বিতীয় বৈঠকও বয়কটও করছেন শুভেন্দু অধিকারীরা।

এই প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে মামলাকারীর বক্তব্য ছিল বিধানসভার বিরোধী নেতা ছাড়া কাউকে পিএসি চেয়ারম্যান করা যায় না। এই প্রেক্ষিতে আদালত জানায়, এর নির্ণায়ক হবেন একমাত্র বিধানসভার স্পিকার। তার পরেই আদালতের পর্যবেক্ষণ, “সত্যি হল যে, স্পিকার বেআইনি কাজ করেছেন। এমন একজনকে বেছে নেওয়া হয়েছে যিনি দল ছেড়েছেন। সত্যি যদি তাঁর পদ খারিজ হয়ে যায়, তাহলে তিনি বিধায়ক কীভাবে থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *