জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: স্পিকার কিছুই জানেন না, কিছু খবরই রাখেন না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটুকুই জানেন যেটুকু ওনাকে বলে দেবেন তার বাইরে কিছু জানেন না। ঠিক এভাবেই কৃষ্ণ কল্যাণীর দল পরিবর্তনে স্পিকারের না জানা প্রসঙ্গে মেদিনীপুরে দাঁড়িয়ে বক্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ত্রিপুরার উপ নির্বাচনের ফল দেখুন, রজ্যে পৌরসভার উপনির্বাচন কিরকম হয়েছে সেটা সবাই জানে।
উল্লেখ্য, মেদিনীপুর খড়্গপুরের সংযোগকারী বীরেন্দ্র শাসমল সেতুর পাশে বিকল্প সেতু তৈরির দাবি নিয়ে বুধবার একটি পদযাত্রা হয়ে গেল মাতকাতপুর থেকে ওই সেতু পর্যন্ত। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ওই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। সেতুর অবস্থা খুব একটা ভালো নয় তাই সেতুর উপর দিয়ে ১০ টনের বেশি মাল নিয়ে যাতায়াতকারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নতুন আরো একটি সেতুর দাবি জানিয়েই এই মিছিল বলে জানানো হয়েছে।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকার কোনো এনওসি দিচ্ছে না তাই সেতুর কাজ এখনো শুরু করতে পারেনি কেন্দ্র। তিনি নিজে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রীকে আবেদন জানিয়েছেন, এই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য তিনি সম্মতিও দিয়েছেন কিন্তু যেহেতু সেতুটি রাজ্যের তাই রাজ্যের কাছ থেকে এনওসি লাগবে। আর সেই এনওসি রাজ্য দিচ্ছে না বলেই অভিযোগ করেন তিনি।

