৫ দিন ধরে অনশনে অখিল ভারতীয় গোর্খা লিগের নেতা এসপি শর্মা, তাঁর সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি অনীত থাপা

আমাদের ভারত, দার্জিলিং, ৫ আগস্ট: দার্জিলিং দলীয় দফতরে বসা অখিল ভারতীয় গোর্খা লিগের নেতা এসপি শর্মার অনশন ৫ দিনে পা দিল। ইতিমধ্যেই তার সাথে নানান দলের নেতারা দেখা করে গিয়েছেন। এদিন তাঁর সাথে দেখা করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি
অনীত থাপা। তিনি বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি আমরা ২০১৭ সালেই বুঝে গিয়েছিলাম। পাহাড়ের মানুষকে বোকা বানিয়ে প্রতিবার নির্বাচনে জেতে বিজেপি। তাই এখানে বসে অনশন করে কোনও লাভ নেই। যদি আন্দোলন করতেই হয় তাহলে দিল্লিতে গিয়ে করা উচিত। তাঁর আরও মন্তব্য গত নির্বাচনে আমরা পাহাড় ধ্বংস করার ধারণাকে কিছুটা হলেও পরাজিত করতে পেরেছিলাম। আমি আর পাহাড়কে উত্তেজিত হতে দেব না। কোনও আন্দোলন যদি আবার গোর্খাল্যান্ডের মত চলতে থাকে তাহলে পাহাড় ছাই হয়ে যাবে। তা আর হতে দেওয়া যাবে না। পাহাড়ে এখন নতুন রাজনৈতিক সংস্কৃতি আসা শুরু করেছে। তা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এসপি শর্মার কাছে আমার আবেদন অনশন তুলে নিয়ে অন্য কোনও পন্থা অবলম্বন করে আন্দোলন করুক। কারণ এভাবে আন্দোলন করলে শরীর খারাপ হবে। কিন্তু কেন্দ্র কিছুই করবে না। তার আরও বক্তব্য পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে গেলে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। কেন্দ্রীয় সরকার পাহাড়ের উন্নয়নে কোনও কাজ করবে না। আমাদের এখন মূল লক্ষ্যই হল পাহাড়ের উন্নয়ন করা। এখানকার বেকার যুবক যুবতিদের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করা। তাই নতুন করে আর কোনওরকম আন্দোলন হোক তা আমরা চাই না। কারণ আন্দোলন হলেই পাহাড় আবার অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *