পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: রাজ্য সরকারের শিল্পনীতিতে ভরসা রেখে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার দক্ষিণশোল গ্রামে নতুন শিল্প স্থাপন করতে উদ্যোগী হয়েছে দক্ষিণ ভারতের সংস্থা ভিসাকা ইন্ডাস্ট্রিজ। এই এলাকায় তারা ১৩০ কোটি টাকা বিনিয়োগ করে একটি শিল্প স্থাপন করছে।

নতুন কারখানার ভূমিপূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন কোম্পানির যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর বন্সীকৃষ্ণা। তিনি জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই কারখানায় উৎপাদন চালু হয়ে যাবে। এই কারখানায় এলাকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৬০০ মানুষের কর্মসংস্থান করা হবে এখানে। এই এলাকাতে সংস্থার এটি দ্বিতীয় কারখানা হচ্ছে বলে তিনি জানান।
প্রথমটি ২০০৩ সালে এই এলাকাতেই গড়ে উঠেছিল।
নতুন কারখানাতে ফাইবার সিমেন্ট বোর্ডস এবং স্যান্ডউইচ প্যানেল প্রস্তুত করা হবে।

