পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ ডিসেম্বর: টেট পরীক্ষার আগে বলপেন সঙ্কটে জেরবার বালুরঘাট। দুশ্চিন্তায় ব্যবসায়ী ও পরীক্ষার্থীরা। পরীক্ষার আগের দিন এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো বলপেনের আতঙ্ক তৈরি হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগের মাঝেই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। তার আগেই বালুরঘাটে তৈরি হয়েছে বলপেন সংকট। বিগত দুই দিন ধরে পুরো দক্ষিণ দিনাজপুর জেলাতেই এমন সংকট তৈরী হয়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
জানাগেছে, প্রাথমিকের টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলপেন। কালো গুনগতমানের বলপেন ব্যবহার করলে অতিসহজেই এবং তাড়াতাড়ি পরীক্ষার্থীরা তাদের ওএম আর সিট ভর্তি করতে পারেন। যার দরুন পরীক্ষার বেশকিছুদিন আগে থেকেই ভালো বলপেন ক্রয় করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার্থীদের চাহিদার তুলনায় বাজারে বলপেনের আমদানি কম থাকায় কিছুটা বিপাকে পড়েছেন পরীক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরাও। তাদের দাবি, ইতিমধ্যে ৮০০ থেকে ১০০০ টি করে বলপেন বিক্রি করেছেন। প্রত্যেক দোকানদারই কম বেশি এই পেন বিক্রি করেছে। তবে চাহিদার তুলনায় জোগান অত্যন্ত কম বলে ইতিমধ্যে সমস্যা তৈরি হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী বসছে এবারের টেট পরীক্ষায়। নির্দিষ্ট পেন ব্যবহার করেই পরীক্ষা দিতে হবে তাদের। আর তার মাঝে এমন বলপেনের সংকট কিছুটা সমস্যায় ফেলেছে তাদের। আফসোস করছেন বিক্রেতারাও।
শৌভিক চৌধুরী নামে এক ব্যবসায়ী বলেন, ভালো বলপেন বাজার থেকে কার্যত উধাও হয়ে গেছে। প্রত্যেক দোকানে কুড়ি থেকে পঞ্চাশটির বেশি আর নেই। কিন্তু যেভাবে সেই বলপেনের চাহিদা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। কয়েক ঘন্টা পর আর হয়তো বলপেন পাওয়া যাবে না। তবে কমদামি কিছু পেন রয়েছে, যেটা পরীক্ষার্থীরা সাধারণত ব্যবহার করে না। কেননা প্রচুর সময় লাগবে সেই বলপেন ব্যবহার করলে। কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে পৌছেছে অগত্যা সেই পেনের উপরই ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই।

