মন্ত্রিত্ব না পাওয়ার অভিমান ? হঠাৎ পদত্যাগ বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর

আমাদের ভারত, ৭ জুলাই: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের মাঝেই রাজ্য বিজেপিতে আবার এক অঘটন। বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি পদ ছাড়লেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির চিরাচরিত রীতি ভেঙে নিজের পদত্যাগের খবর সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করেন সৌমিত্র। কেন এই সিদ্ধান্ত। অনেকেই মনে করছেন মন্ত্রিত্ব না পাওয়ায় মন ভেঙেছে সৌমিত্রের, তাই এই সিদ্ধান্ত। যদিও বিজেপি ছাড়ার কোনো রকম ইঙ্গিত তিনি দেন নি।

বুধবার দুপুরে হঠাৎই ফেসবুক পেজে সৌমিত্র লেখেন, ” আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম।” তবে যুব মোর্চার দায়িত্ব ছাড়লেও তিনি জানিয়েছেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। কিন্তু সৌমিত্র খাঁ কেন পদত্যাগ করলেন? তাই নিয়ে রাজ্য বিজেপির শুরু হয়েছে আবার গুঞ্জন। সূত্রের খবর দলের কোনো নেতার সঙ্গে আলোচনা না করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগেও বেশ কয়েকবার দলকে অস্বস্তিতে ফেলেছে সৌমিত্র। এবার আবার সামাজিক মাধ্যমে পদত্যাগের কথা জানিয়ে অস্বস্তি ফেললেন দলকে। তবে অনেকেই বলেছেন মোদির মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশায় ছিলেন সৌমিত্র খাঁ। তার জন্য বেশ কিছুদিন দিল্লিতেও ছিলেন তিনি। সম্ভবত কাজ না হওয়ায় সম্প্রতি তিনি ফিরে আসেন। তবে তার পরেও আশায় প্রমোদ গুন ছিলেন। কিন্তু শেষে চাপ তৈরি করতেই তার এই পদক্ষেপ।

অন্যদিকে রাজ্য বিজেপিতে সৌমিত্রকে নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তার প্রেক্ষিতে সৌমিত্রকে যুব মোর্চার সভাপতিত্বের দায়িত্ব থেকে সরানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। সেটা আগাম বুঝতে পেরে নিজেই পদত্যাগ করে সরে গেলেন সৌমিত্র। শোনা যাচ্ছে এর বদলে তিনি নাকি রাজ্য কমিটিতে জায়গা পেতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *