“দুঃখিত, পারলাম না, গণতন্ত্র রক্ষায় আমার লড়াই চলবে”— টুইটে মোদীকে বার্তা অগ্নিমিত্রার

আমাদের ভারত, ১৬ এপ্রিল: আসানসোল লোকসভার ভোটে হারার পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে দুঃখ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা লিখেছেন, “দুঃখিত নরেন্দ্র মোদী স্যার। আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আপনাকে এই আসনটি দিতে পারিনি। আমার যুদ্ধ পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাতে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমার যুদ্ধ চলবে স্যার।” এর সঙ্গে লড়াইয়ের দ্যোতক হিসাবে মুষ্টির ছবি।

গত বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্বকে আসানসোলে ব্যুমেরাং করতে চেয়েছিল গেরুয়া শিবির। যদিও প্রচারে নেমে ‘শটগান’ শত্রুঘ্নের জবাব ছিল তিনি বিহারের মানুষ বটে, কিন্তু বাংলার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। তাঁর কথায়, “জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘অন্তর্জলী যাত্রা’ছবিতেও আমি অভিনয় করেছি। আসানসোল শুধু বাঙালি নয়, বিহার, ঝাড়খণ্ড-সহ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষের বাসভূমি।” রাজনীতিক মহলের মতে, ঠিক ওই অঙ্কেই আসানসোলে বিজেপি-কে ঘায়েল করেছে তৃণমূল। শনিবার ভোটের ফলেও দেখা গেল সত্যিই বিজেপির ‘বহিরাগত তত্ত্ব’ ছাপ ফেলেনি আসানসোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *