বৌদ্ধ মেয়ের সঙ্গে ছেলের বিয়ে, মুসলিম নেতাকে দল থেকে বের করল বিজেপি

আমাদের ভারত, ১৮ আগস্ট: লাদাখে এক বৌদ্ধ ধর্মাবলম্বী মেয়ের সঙ্গে এক মুসলিম ছেলের সম্পর্ক তৈরি হয়। হঠাৎ তারা এলাকা ছাড়া। অভিযোগ মুসলিম যুবকটি তার বৌদ্ধ প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। এদিকে ছেলেটির বাবা বিজেপির নেতা তথা গুরুত্বপূর্ণ পদাধিকারী। ফলে দলের তরফে তাকে নির্দেশ দেওয়া হয় শীঘ্রই মেয়েটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিন। কিন্তু সেটা না হওয়ায় ওই মুসলিম নেতাকে বহিষ্কার করেছে বিজেপি।

লাদাখ বিজেপির দীর্ঘদিনের সহ-সভাপতি শেখ নাজির আহমেদ। নিজেকে লাদাখ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা বলে দাবি করলেও দল তার এই রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয়নি। ছেলের কর্মের জন্য তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। লাদাখ বিজেপির নেতৃত্বের বক্তব্য, বৌদ্ধ ধর্মাবলম্বী মেয়েকে নিয়ে মুসলিম ছেলের পালিয়ে যাওয়ার ঘটনায় ওই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হয়েছে।

প্রসঙ্গত বিজেপি সহ আরএসএস ভিন্ন ধর্মের মধ্যে প্রেম বা বিয়েকে লাভ জেহাদ বলে দাবি করে। মূলত মুসলিমদের বিরুদ্ধে তারা এই অভিযোগ তুলে সরব হন। হিন্দুত্ববাদীদের অভিযোগ, ভিন্ন ধর্মের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে মুসলিম ছেলেরা ধর্মান্তরিত করছে।

কিন্তু শেখ নাজির আহমেদের বক্তব্য, ছেলে সিদ্ধান্তের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তাদের ইচ্ছের বিরুদ্ধে বৌদ্ধ মেয়েটিকে বিয়ে করেছে তার ছেলে। গত মাসে তিনি ও তার স্ত্রী হজ করতে গিয়েছিলেন, ফিরে এসে জানতে পারেন ছেলে নিখোঁজ।

তিনি বলেন, “ছেলেকে অনেক খুঁজেছি। দল আমাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছিল। শ্রীনগরে গিয়েছি। সেখানে না পেয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু এরই মধ্যে জানতে পারলাম পার্টি আমাকে বরখাস্ত করেছে।” নাজির আহমেদের কথায় ছেলের অপরাধের জন্য পার্টি তাকে শাস্তি দিল।

নাজির আহমেদ বলেন, এই বিয়ে শুধু লাদাখ বৌদ্ধ সমিতি নয় এলাকায় মুসলিম সংগঠন আঞ্জুমানও বিরোধিতা করেছে। আমাদের পরিবার, আত্মীয়-স্বজনরা এর বিরোধিতা করেছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। তার দাবি, পার্টি তাকে শাস্তি দিয়েছে ভোটারদের খুশি করতে।

এদিকে বুধবার জারি করা বিজেপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বরখাস্ত করার সিদ্ধান্ত রাজ্য ইউনিটের সভাপতির এবং কার্যনির্বাহী সদস্যদের। দলের বক্তব্য, ঘটনাটি লাদাখের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মনে আঘাত দিয়েছে। ঘটনাটি অঞ্চলের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন করেছে।

দলের আরো বক্তব্য, নাজির আহমেদের বিয়েতে কোনও যোগ না থাকলেও ছেলের সঙ্গে তাঁর যোগ আছে। মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট উদ্যোগ নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *