টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার ছায়াসঙ্গী সোনালী গুহ

রাজেন রায় কলকাতা ৬ মার্চ:
শুক্রবার তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে নাম নেই সোনালীদেবীর। সাতগাছিয়া থেকে মোহন চন্দ্র নস্করকে প্রার্থী করেছে তৃণমূল। এর পরই কান্নায় ভেঙে পড়েন সোনালীদেবী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কোনও দিন দিদিকে ছাড়িনি। কিন্তু দিদি আমাকে ছাড়িয়ে দিল। দিদিকে ভগবান সুবুদ্ধি দিক।’

শনিবার তিনি সংবাদমাধ্যমকে জানান, প্রার্থীপদ নিয়ে সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছিল তাঁর। বক্সিবাবু তাঁকে জানিয়েছিলেন, প্রার্থী না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনালীদেবীর যোগাযোগ করিয়ে দেবেন তিনি। শনিবার সকাল পর্যন্ত সেই ফোন আসেনি। এর পরই মুকুল রায়কে ফোন করেন সোনালীদেবী। বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমি কোনও কেন্দ্র থেকেই প্রার্থী হতে চাই না। বিজেপিতে একটা সম্মানজনক পদ চাই। আর বিজেপির হয়ে প্রচার করতে চাই। তবে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ফোন করলে সিদ্ধান্ত নিতে বুক কাঁপবে তাঁর। তবে সিদ্ধান্ত নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় মুকুল রায়ের সঙ্গে দেখা করার কথা তাঁর। মুকুল রায় জানিয়েছেন, সোনালীর সঙ্গে কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *