আমাদের ভারত, ১১ অক্টোবর: সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ থেকে অপসারণেই মান্যতা দিল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সূত্রে এখবর জানা যায়।
গত ১৩ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাইকোর্ট। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত খারিজ করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ছিল উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর নিয়োগে আচার্য তথা রাজ্যপালের কোনও সই ছিল না। সেই থেকেই সমস্যার সূত্রপাত।
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী। ২০২১ সালের অগাস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই সময় রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের জেরে বেশ কিছু নিয়োগে অনুমোদন দেননি তৎকালীন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকর। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনর্নিয়োগে আচার্য তথা রাজ্যপালের কোনও সই ছিল না। এরপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর নিয়োগ নিয়ম মেনে হয়নি এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোনালী চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে তাঁর পুর্ননিয়োগের সিদ্ধান্তও খারিজ করে দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কারণ তাঁকে পুর্ননিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সোনালি চক্রবর্তী। কিন্তু শীর্ষ আদালতও খারিজ করে দিয়েছে তাঁর আবেদন।

